দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ইতিহাসে প্রথম, এইচএসসিতে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। এছাড়া ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন। যার ফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর।
এসব শিক্ষার্থীর কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে সাড়া দিয়ে আবেদনের যোগ্যতা শিথিলসহ ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
একইভাবে ২৩টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে মার্চে।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আগামী ১৫ তারিখে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উপাচার্যরা সিদ্ধান্ত নেবেন, পরবর্তী সময়ে কোন তারিখে পরীক্ষা নেয়া সম্ভব। নিয়ম অনুযায়ী, আগামী ২ জানুয়ারি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময়ে পরীক্ষা নেয়া হবে।’
এদিকে জিএসটির সহ-আহ্বায়ক গোলাম রব্বানি বলেন, ‘আমরা যা করতে পারি, তা হলো ওদের ফল প্রকাশের পর ভর্তির আবেদন নেয়া শুরু করতে পারি। এই সুযোগটি রয়েছে। অর্থাৎ, আমরা হয়তো সে পথেই এগোব।’
তবে, ইউজিসির আবেদনে সাড়া দেয়নি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সবার আগে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে মেডিকেলে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল্লাহ বলেন, ‘যারা ফেল করেছে, সরকার তাদের সুযোগ দিচ্ছে। এটি সরকারের অনুগ্রহ, যা ভিন্ন বিষয়। কিন্তু যারা পাস করেছে, তাদের জন্য আমি সেশনজট তৈরি করতে পারি না। করোনার সময় আমরা ইতিমধ্যে অনেক পিছিয়ে গেছি। সেই সময়ের পিছিয়ে পড়া এবং সৃষ্ট সেশনজট আমরা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
এসব প্রতিষ্ঠানকে আবারও তাদের সিদ্ধান্ত বিবেচনার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।
অন্যদিকে, শঙ্কার কথা উল্লেখ করে শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাপ্লিমেন্টারি বা দ্বিতীয় সুযোগ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। এর উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের যেন শিক্ষাজীবনে এক বছর নষ্ট না হয় এবং তারা যেন আমাদের শিক্ষাব্যবস্থা থেকে ছিটকে না পড়ে। কিন্তু তারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে অথবা তাদের সেশন নষ্ট হয়, তাহলে তারা আবারও একই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে যাওয়া, ঝরে পড়া কিংবা মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যাবে।’
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন প্রায় ৬ লাখ শিক্ষার্থী। এই সংখ্যা ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ।
কে